বর্ষার দিনে কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

 এমন দিনে তারে বলা যায়,

এমন ঘনঘোর বরিষায় !

এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে

তপনহীন ঘন তমসায় ।


সে কথা শুনিবে না কেহ আর ,

নিভৃত নির্জন চারি ধার |

দুজনে মুখোমুখি গভীর দুখে দুখী,

আকাশে জল ধরে অনিবার। 

জগতে কেহ যেন নাহি আর ।


সমাজ সংসার মিছে সব,

মিছে এ জীবনের কলরব।

কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে

হৃদয় দিয়ে হৃদি অনুভব ।

আঁধারে মিশে গেছে আর সব ।


বলিতে বাজিবে না নিজ কানে,

চমক লাগিবে না নিজ প্রাণে। 

সে কথা আঁখিনীরে মিশিয়া যাবে ধীরে

এ ভরা বাদলের মাঝখানে। 

সে কথা মিশে যাবে দুটি প্রাণে ।


তাহাতে এ জগতে ক্ষতি কার

নামাতে পারি যদি মনোভার ?

শ্রাবণবরিষণে একদা গৃহকোণে

দুকথা বলি যদি কাছে তার

তাহাতে আসে যাবে কিবা কার ?


আছে তো তার পরে বারো মাস,

উঠিবে কত কথা কত হাস ।

আসিবে কত লোক কত-না দুখশোক,

সে কথা কোন্ খানে পাবে নাশ ।

জগৎ চলে যাবে বারো মাস। 


ব্যাকুল বেগে আজি বহে যায়,

বিজুলি থেকে থেকে চমকায় 

যে কথা এ জীবনে রহিয়া গেল মনে

সে কথা আজি যেন বলা যায়

এমন ঘনঘোর বরিষায়। 

Comments

Popular posts from this blog

খোকার সাধ কবিতা - কাজী নজরুল ইসলাম

'জুতা-আবিষ্কার' কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ