কোরবানী কবিতা - কাজী নজরুল ইসলাম

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্-বোধন!  

 দুর্ব্বল! ভীরু! চুপ রহো, ওহো খাম্ খা ক্ষুব্ধ মন!  

 ধ্বনি ওঠে রণি’ দূর বাণীর,--  

 আজিকার এ খুন কোর্ বানীর!  

 দুম্বা-শির রুম্-বাসীর  

 শহীদের শির-সেরা আজি!--রহ্ মান কি রুদ্র নন?  

 ব্যস্! চুপ খামোশ রোদন!  

 আজ  শোর ওঠে জোর “খুন দে, জান দে, শির দে বত্স” শোন্!  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্ধোধন!  

 ওরে হত্যা নয় আজ  ‘সত্য-গ্রহ’  শক্তির উদ্ধোধন!  

 খঞ্জরে মারো গর্দ্দানেই,  

 পঞ্জরে আজি দরদ্ নেই,  

 মর্দ্দানীই পর্দ্দা নেই,  

 ডরতা নেই আজ খুন-খারাবীতে রক্ত-লুব্ধ মন!  

 খুনে খেল্ বো খুন-মাতন!  

 দুনো উনমাদনাতে সত্য মুক্তি আন্ তে যুঝবো রণ!  

 ওরে হত্যা নয়  আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্ধোধন!  

 ওরে হত্যা  নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্ধোধন!  

 চ’ড়েছে খুন আজ খুনিয়ারার  

 মুস্ লিমে সারা দুনিয়াটার!  

 ‘জুল্ ফেকার’ খুল্ বে তার  

 দু’ধারী ধার শেরে-খোদার, রক্তে-পূত-বদন!  

 খুনে আজকে রুধ্ বো মন!  

 ওরে শক্তি-হস্তে মুক্তি, শক্তি রক্তে সুপ্ত শোন্!  

 ওরে হত্যা নয় আজ  ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্বোধন!  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্বোধন!  

 আস্তানা সিধা রাস্তা নয়,  

 ‘আজাদী’ মেলে না পস্তানো’য়!  

 দস্তা নয় সে সস্তা নয়!  

 হত্যা নয় কি মৃত্যুও? তবে রক্ত-লুব্ধ কোন্  

 কাঁদে-- শক্তি-দুস্ত শোন্--  

 “এয়্ ইব্রাহীম আজ  কোরবানী  কর শ্রেষ্ঠ পুত্র ধন!”  

 ওরে হত্যা নয় আজ  ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্বোধন!  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্ভোধন!  

 এ তো নহে লোহু তরবারের  

 ঘাতক জালিম জোর্ বারের!  

 কোরবানের  জোর-জানের  

 খুন এ যে, এতে গোর্দ্দা ঢের রে, এ ত্যাগে ‘বুদ্ধ’ মন!  

 এতে মা রাখে পুত্র পণ!  

 তাই জননী হাজেরা বেটারে পরালো বলির পূত বসন!  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্বোধন  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্বোধন!  

 এই দিন-ই ‘মীনা’- ময়দানে’  

 পুত্র-স্নেহের গর্দ্দানে  

 ছুরি হেনে’ খুন ক্ষরিয়ে নে’  

 রেখেছে আব্বা ইব্ রাহীম্ সে আপনা রুদ্র পণ!  

 ছি ছি! কেঁপো না  ক্ষুদ্র মন  

 আজ  জল্লাদ নয়,  প্রহ্লাদ-সম মোল্লা খুন-বদন!  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’  শক্তির উদ্বোধন!  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্বোধন!  

 দ্যাখ কেঁপেছে ‘আরশ’ আস্ মানে!  

 মন-খুনী কি রে রাশ মানে?  

 ত্রাসে-প্রাণে --তবে রাস্তা নে!  

 প্রলয়-বিষাণ ‘কিয়ামতে’  তবে বাজাবে কোন্ বোধন?  

 সে কি সৃষ্টি-সংশোধন?  

 ওরে তাথিয়া তাথিয়া নাচে ভৈরব বাজে ডম্বরু শোন্!--  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্বোধন!  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’  শক্তির উদ্বোধন!  

 মুসলিম-রণ-ডঙ্কা সে,  

 খুন্ দেখে করে শঙ্কা কে?  

 টঙ্কারে অসি ঝঙ্কারে,  

 ওরে হুঙ্কারে, ভাঙি গড়া ভীম-কারা, ল’ড়বো রণ-মরণ!  

 ঢালে বাজ্ বে ঝন্-ঝনন্!  

 ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে খুন-মোচন!  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্বোধন!  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্বোধন!  

 জোর চাই, আর যাচ্ না নয়,  

 কোরবানী-দিন আজ না ওই?  

 বাজ্ না কই? সাজ্ না কই?  

 কাজ না আজিকে জান্ মাল দিয়ে মুক্তির উদ্ধরণ?  

 বল্-- “যুঝ্ বো জান্ ভি পণ!”  

 ঐ খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ,  

 আজ  আল্লার নামে জান্ কোরবানে ঈদের পূত বোধন!  

 ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্বোধন!

Comments

Popular posts from this blog

খোকার সাধ কবিতা - কাজী নজরুল ইসলাম

'জুতা-আবিষ্কার' কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি কবিতা - কাজী নজরুল ইসলাম | কবিতার জগৎ