আজ সৃষ্টি-সুখের উল্লাসে - কাজী নজরুল ইসলাম

 আজ সৃষ্টি সুখের উল্লাসে-  

মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে  

আজ সৃষ্টি-সুখের উল্লাসে।  

  

  আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে-  

বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার -ভাঙা কল্লোলে।  

আসল হাসি, আসল কাঁদন  

মুক্তি এলো, আসল বাঁধন,  

মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে।  

ঐ রিক্ত বুকের দুখ আসে-  

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!  

  

  আসল উদাস, শ্বসল হুতাশ  

সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস,  

ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস,  

গগন ফেটে চক্র ছোটে, পিণাক-পাণির শূল আসে!  

ঐ ধূমকেতু আর উল্কাতে  

চায় সৃষ্টিটাকে উল্টাতে,  

  

  আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে  

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!  

আজ হাসল আগুন, শ্বসল ফাগুন,  

মদন মারে খুন-মাখা তূণ  

পলাশ অশোক শিমুল ঘায়েল  

ফাগ লাগে ঐ দিক-বাসে  

গো দিগ বালিকার পীতবাসে;  

  

  আজ রঙ্গন এলো রক্তপ্রাণের অঙ্গনে মোর চারপাশে  

আজ সৃষ্টি সুখের উল্লাসে!  

আজ কপট কোপের তূণ ধরি,  

ঐ আসল যত সুন্দরী,  

কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন,  

কেউ মানিনী চোখের জলে বুক ভাসে!  

তাদের প্রাণের ‘বুক-ফাটে-তাও-মুখ-ফোটে-না’ বাণীর বীণা মোর পাশে  

ঐ তাদের কথা শোনাই তাদের  

আমার চোখে জল আসে  

আজ সৃষ্টি সুখের উল্লাসে!  

  

  আজ আসল ঊষা, সন্ধ্যা, দুপুর,  

আসল নিকট, আসল সুদূর  

আসল বাধা-বন্ধ-হারা ছন্দ-মাতন  

পাগলা-গাজন-উচ্ছ্বাসে!  

ঐ আসল আশিন শিউলি শিথিল  

হাসল শিশির দুবঘাসে  

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!  

  

  আজ জাগল সাগর, হাসল মরু  

কাঁপল ভূধর, কানন তরু  

বিশ্ব-ডুবান আসল তুফান, উছলে উজান  

ভৈরবীদের গান ভাসে,  

মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায়-মরা বামপাশে।  

  

  মন ছুটছে গো আজ বল্গাহারা অশ্ব যেন পাগলা সে।  

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!  

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

Comments

Popular posts from this blog

খোকার সাধ কবিতা - কাজী নজরুল ইসলাম

'জুতা-আবিষ্কার' কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ