কত অজানারে জানাইলে তুমি - রবীন্দ্রনাথ ঠাকুর | কবিতার জগৎ

 কত অজানারে জানাইলে তুমি,  

 কত ঘরে দিলে ঠাঁই-  

 দূরকে করিলে নিকট, বন্ধু,  

 পরকে করিলে ভাই।  

 পুরনো আবাস ছেড়ে যাই যবে  

 মনে ভেবে মরি কী জানি কী হবে,  

 নূতনের মাঝে তুমি পুরাতন  

 সে কথা যে ভুলে যাই।  

 দূরকে করিলে নিকট, বন্ধু,  

 পরকে করিলে ভাই।  

  

 জীবনে মরণে নিখিল ভুবনে  

 যখনি যেখানে লবে,  

 চির জনমের পরিচিত ওহে,  

 তুমিই চিনাবে সবে।  

 তোমারে জানিলে নাহি কেহ পর,  

 নাহি কোন মানা, নাহি কোন ডর,  

 সবারে মিলায়ে তুমি জাগিতেছ-  

 দেখা যেন সদা পাই।  

 দূরকে করিলে নিকট, বন্ধু,  

 পরকে করিলে ভাই।

Comments

Popular posts from this blog

ওরে নবীন ওরে আমার কাঁচা - রবীন্দ্রনাথ ঠাকুর | কবিতার জগৎ

খোকার সাধ কবিতা - কাজী নজরুল ইসলাম

বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি কবিতা - কাজী নজরুল ইসলাম | কবিতার জগৎ